জুলাই বিপ্লবের স্বপ্ন বিস্মৃত: ‘নাপিত সংবিধান’ বিশেষজ্ঞদের সমালোচনায় ব্যারিস্টার ফুয়াদ
Published: 21 Apr, 2026
জুলাই বিপ্লব ঘিরে জনগণের স্বপ্ন ও আকাঙ্খাকে উপেক্ষা করে ‘নাপিত সংবিধান’ বিশেষজ্ঞরা দেশকে নতুন সংকটে ফেলছেন- মন্তব্য করে বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ব্যরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, এসব বিশেষজ্ঞরা সংবিধানের ধারা ও অনুচ্ছেদের দোহাই দিলেও তাদের বক্তব্যে চব্বিশের জুলাই বিপ্লব, গণঅভ্যুত্থান কিংবা দুই হাজার শহীদের আত্মত্যাগের কোনো উল্লেখ থাকে না।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এমআইইউ ল’ ক্লাব আয়োজিত “বাংলাদেশের সাংবিধানিক রাজনীতি বনাম জনগণের আকাঙ্ক্ষা” শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আপনি প্রধানমন্ত্রী হয়েছেন চব্বিশের গণঅভ্যুত্থানের কারণে, বাহাত্তরের সংবিধানের কারণে নয়। বিষয়টি অনুধাবন করতে ব্যর্থ হলে জ্ঞানপাপীরা আপনাকে বিপদের মুখে ফেলতে পারে।”
তিনি আরও বলেন, দেশের পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে হলে বুঝতে হবে—সংবিধান একটি কার্যকরী টুলস মাত্র; এটি কোনো স্বপ্ন বা আকাঙ্ক্ষার প্রতিবন্ধক নয়। বরং বিপ্লব ও গণঅভ্যুত্থানই নতুন সংবিধান সৃষ্টি করে।
তিনি উল্লেখ করেন, সংবিধান মেনে গণঅভ্যুত্থান সংঘটিত হয় না; বরং গণআন্দোলনই সংবিধানের রূপ নির্ধারণ করে। অন্যথায়, চব্বিশের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের রাষ্ট্রদ্রোহিতার মামলায় কারাবরণ করতে হতো। এমনকি যারা বর্তমানে সংবিধান নিয়ে গর্ব করছেন, তারাও একসময় একই অভিযোগে অভিযুক্ত হতে পারেন।
তিনি বলেন, জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এমন একটি সংবিধান প্রয়োজন, যা অতীত বা ভবিষ্যতের কোনো স্বপ্নপূরণে বাধা সৃষ্টি করবে না। এটাই হচ্ছে নতুন এ প্রজন্মের নতুন বন্দবস্তের দায় ও দরদের রাজনীতির জায়গা।
আইন বিভাগের সহকারী অধ্যাপক ও ল’ ক্লাবের মডারেটর ব্যারিস্টার মো. তাসনিম ফেরদৌসের সভাপতিত্বে সেমিনারে প্রফেসর ড. এবিএম মাহবুবুল ইসলামসহ ল’ ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. আজমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাফিসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।